সিয়াম সাধনার পবিত্র মাস শেষে মুসলমানরা মেতে উঠেছিলেন ঈদ উদযাপনে। দেশের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার (২২ এপ্রিল)। এরপর ঈদের ছুটি শেষ হচ্ছে আজ রোববার (২৩ এপ্রিল)।
অনেকেই পরিবার-পরিজনের সাথে আনন্দে কয়েকটা দিন কাটিয়ে প্রিয় স্মৃতিগুলোকে সঙ্গী করে রাজধানীতে ফিরতে শুরু করেছেন। অন্যদিকে ঠিক তেমনি ঈদ শেষ করে এখনও রাজধানী ছেড়ে ঘরে ফিরছেন অনেক ঘরমুখো মানুষ।
রোববার (২৩ এপ্রিল) সকাল থেকেই কমলাপুর স্টেশন মুখর হয়ে ওঠে মানুষের কোলাহলে। ঈদের প্রথমদিন পেরিয়ে গেলেও ঘরমুখো মানুষের ভিড় কমেনি। ছুটি উদযাপনে কেউ একা, কেউ বা সপরিবারে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন।
পদ্মা সেতুর কারণে এবার ঈদযাত্রায় নৌরুটের প্রাধান্য কমেছে। রোববার ভোর থেকেই সদরঘাটে দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা লঞ্চগুলো ভিড়তে থাকে। ভোগান্তিবিহীন ঈদ যাত্রায়, স্বস্তির ছাপ ছিল সবার চোখেমুখে।
এদিকে ঈদের ছুটি আজই শেষ হচ্ছে। তাই অনেকেই ফিরছেন কর্মব্যস্ত নগরীতে। সোমবার থেকে শুরু হচ্ছে অফিস-আদালত। ফলে কাল যাত্রী চাপ বেশি থাকবে বলেই ধারণা পরিবহন সংশ্লিষ্টদের।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল থেকে শুরু হয় ঈদের ছুটি। এদিন শবে কদরের সরকারি ছুটি ছিল। পরদিন বৃহস্পতিবার (২০ এপ্রিল) সরকারের নির্বাহী আদেশে ছুটি দেয়া হয়। ঈদের ছুটি ২১, ২২ ও ২৩ এপ্রিল।






