দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন শপথ নিয়েছেন। সোমবার বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান হয়।
সোমবার সকালে বঙ্গভবনে ১০ মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠানে শপথ নেন সাহাবুদ্দিন। তাকে শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এরপর নতুন রাষ্ট্রপতি শপথ নথিতে স্বাক্ষর করেন।
এই শপথের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি হিসেবে টানা দুই বারের মেয়াদ শেষ হল আবদুল হামিদের। তিনিই বাংলাদেশে সবচেয়ে বেশি দিন দায়িত্ব পালন করা রাষ্ট্রপ্রধান।
সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ৪১ দিনসহ টানা দুই মেয়াদে ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতি হিসেবে অতিবাহিত করে বিদায় নিলেন তিনি।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাহাবুদ্দিন।
দরবার হলে এই শপথ অনুষ্ঠান শুরু হয় কোরআন তিলওয়াতের মধ্য দিয়ে। অনুষ্ঠানের মঞ্চে ছিল তিনটি চেয়ার। মাঝের চেয়ারে বসেন আবদুল হামিদ, তার ডান পাশে মো. সাহাবুদ্দিন আর বাঁ পাশে স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ছাড়াও অতিথিদের কাতারে ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, নতুন রাষ্ট্রপতির স্ত্রী রেবেকা সুলতানা, বিদায়ী রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম।
সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, রাজনৈতিক নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জাতীয় সংবাদপত্রের সম্পাদকসহ পদস্ত বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও ছিলেন শপথ অনুষ্ঠানে।
শপথ নিয়ে স্পিকারের সঙ্গে সঙ্গে মো. সাহাবুদ্দিন বলেন, সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করিতেছি যে, আমি আইন-অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি-পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব; আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব; আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তাবিধান করিব; এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন-অনুযায়ী যথাবিহীত আচরণ করিব।
শপথ শেষে বিদায়ী রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং তাকে ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান। এরপর দুজনের চেয়ার বদলের মধ্য দিয়ে সারা হয় দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা। শপথ অনুষ্ঠান শেষ হয় জাতীয় সংগীতে।
শপথ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবন থেকে গুলশানের বাসায় যাবেন। সন্ধ্যার পরে তিনি বঙ্গভবনে উঠবেন।
আর বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ শপথ অনুষ্ঠানের পর ঢাকার নিকুঞ্জ আবাসিক এলাকায় তার নিজের বাড়িতে উঠবেন। ২০০০ সালে সংসদ সদস্য হিসেবে তিন কাঠার এই জমি বরাদ্দ পান তিনি। সেখানে কয়েক বছর পর তোলেন বাড়ি।








