মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের সোনাইছড়ি ঝর্ণা দেখতে গিয়ে আটকে পড়া দেশের
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে উদ্ধার করেছে মিরসরাই থানা
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। মঙ্গলবার (২৭ জুন) সকালে চট্টগ্রাম শহর
থেকে তারা সোনাইছড়ি ঝর্ণা দেখতে এসে আটকে পড়ে। জাতীয় জরুরী সেবা নম্বর
৯৯৯ এ কল পেয়ে পাহাড়ের গহীন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। আটকা যাওয়া
পর্যটকরা হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী অয়ন
চৌধুরী, সৌম্য বিশ্বাস, অর্ণব দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
মাইশা, ঐশী, দিবা, চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
এর শিক্ষার্থী রাজদীপ, দেব জ্যোতি, চট্টগ্রাম মেডিকেল কলেজ এর শিক্ষার্থী
জুঁই, অদ্বিতীয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পুনম বড়ুয়া, নোয়াখালী
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অঙ্কন দাশ, নীলাঞ্জনা,
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌমিক, গ্রীণ হেরাল্ড স্কুল এন্ড
কলেজের শিক্ষার্থী অর্পা চৌধুরী।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী অয়ন চৌধুরী বলেন,
মঙ্গলবার সকালে আমরা বন্ধুরা মিলে সোনাইছড়ি ঝরনা দেখতে যায়। দুপুরে
বৃষ্টি শুরু হলে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে ঝিরি পথে হাঁটা কষ্ট সাধ্য হয়ে
যায়। পরবর্তীতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ও ফায়ার
সার্ভিসের কর্মীরা এসে আমাদের উদ্ধারে সহায়তা করে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, সোনাইছড়ি ঝরনা দেখতে এসে
মঙ্গলবার দুপুরে অঝোরে বৃষ্টি শুরু হলে পাহাড়ের গহীনে আটকে পড়ে বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী। এসময় জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল
দিয়ে মিরসরাই থানা পুলিশের সহযোগীতা নেয় তারা। পরবর্তীতে মিরসরাই থানা
পুলিশ ও মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় ৪ ঘন্টা অভিযান
চালিয়ে তাদের উদ্ধার করেন। সন্ধ্যায় শিক্ষার্থীদের পরিবারের মাধ্যমে
হস্তান্তর করা হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ ইমাম হোসেন
পাটোয়ারি বলেন, সোনাইছড়ি ঝরনা দেখতে গিয়ে আটকে পড়া ১৫ জন পর্যটককে অক্ষত
অবস্থায় উদ্ধার করা হয়েছে। মিরসরাই থানার মাধ্যমে তাদের পরিবারের কাছে
হস্তান্তর করা হয়েছে।








