বরিশাল : প্রতি বছর ঈদের ছুটিতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অল্প সংখ্যক রোগী মারা গেলেও এবার ঈদ ঊল আজহার ছুটিতে সর্বোচ্চ সংখ্যক রোগী মারা গেলেন এই হাসপাতালে। ঈদের চার দিনের সরকারি ছুটিতে এই হাসপাতালে চিকিৎসাধীন ৬০ জন রোগীর মৃত্যু হয়েছে।
শেবাচিম হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি ছুটির প্রথম দিন অথ্যাৎ ২৭ জুন ১ হাজার ১৬৭ জন রোগী ভর্তি হন। ওই দিন নতুন ১৩ জনসহ মোট ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে একজন ডেঙ্গু আক্রান্তসহ মোট ১৫ জন বিভিন্ন ওয়ার্ডে মারা যান।
দ্বিতীয় দিনে ১ হাজার ২০৫ জন রোগী ভর্তি হন। ওই দিন বিভিন্ন রোগে আক্রান্ত সর্বাধিক ২০ জনের মৃত্যু হয়েছে।
ঈদের দিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন ১ হাজার ৬৫ জন রোগী। ওই দিন ডেঙ্গু আক্রান্ত একজনসহ ১৩ জন রোগীর মৃত্যু হয়। আর ঈদের দ্বিতীয় দিন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত ১২ জন মারা যান।
একাধিক ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর স্বজনরা জানান, ঈদের চার দিনে বড় কোনো চিকিৎসক আসেননি। মাঝেমধ্যে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক এসে ঘুরে যেতেন আর অল্প কয়েকজন নার্স ছিলেন।
অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করে রোগীদের মৃত্যু স্বাভাবিক ঘটনা জানিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ডাক্তার-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা রোস্টার অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। চিকিৎসায় অবহেলার কোনো ঘটনা ঘটেনি। কয়েক দিন ধরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। ঈদের বন্ধের সময় যে সংখ্যক রোগীর মৃত্যু হয়েছে তা হাসপাতালের স্বাভাবিক ঘটনা।






