আগামীকাল বিশ্বকাপ প্রস্তুতির দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এবার টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। যদিও এই ম্যাচেও বৃষ্টির শঙ্কা আছে। তবে গৌহাটির বৃষ্টি নয় ম্যানেজমেন্টের চিন্তায় জায়গা পাচ্ছে সেখানকার গরম।
ওই গরমের কথা চিন্তা করে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিং করা লিটন দাস ও তাসজিদ তামিম বিশ্রাম পেতে পারেন ওই ম্যাচে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ঘামে শরীর থেকে অতিরিক্ত জল ঝরে যাওয়ায় তানজিদ ও লিটনের ‘মাসল ক্রাম্প’ বা পেশিতে টান পড়েছিল। ইনজুরিমুক্ত রাখতে তারা দু’জনসহ নিয়মিত ক্রিকেটারদের কেউ কেউ ইংলিশদের বিপক্ষে বিশ্রাম পেতে পারেন।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলননি অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আগে থেকেই সাকিবের প্রস্তুতি ম্যাচে না খেলার সিদ্ধান্ত ছিল। পরে ফুটবল অনুশীলনে হালকা চোট পান তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও বিশ্রামে থাকতে পারেন তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা নেই।







