“বড় বা ছোট, তাদের সবাইকে ভালোবাসুন” বিশ্ব প্রাণী দিবসের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদার সাথে আজ (০৪ অক্টোবর, ২০২৩) বাংলাদেশে উদযাপিত হলো দিবসটি। দিবসটি উপলক্ষে সোশ্যাল এন্টারপ্রাইজ প্রভা অরোরা এবং বিশ্বের সর্ববৃহৎ পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশনের ইকো স্কুলস প্রোগ্রামের আয়োজনে অনলাইন ও অফলাইনে কুইজ, বিষয়ভিত্তিক বক্তৃতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ উপলক্ষে মিরপুর হারম্যান মেইনার কলেজে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল ১০টায়। সেখানে সেই প্রতিষ্ঠানের বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই প্রতিযোগিতাসমূহে অংশগ্রহণ করেন। একইসাথে সেই অনুষ্ঠান থেকে অনলাইনেও সারা দেশের সকল বিদ্যালয়গুলোর ছাত্র-ছাত্রীদের জন্য এই প্রতিযোগিতার সুযোগ আছে জানানো হয় এবং সেই কার্যক্রমেরও উদ্বোধন ঘোষণা করা হয়।
সারা দেশের যে কোনো বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুইজ, বিষয়ভিত্তিক বক্তৃতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনলাইনেও অংশগ্রহণ করার সুযোগ নিতে পারবেন। অনলাইনে সুযোগ নেওয়ার সময় থাকবে আগামী ৬ তারিখ রাত ১১.৫৯ টা পর্যন্ত। অনলাইনের সকল অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার প্রদান করা হবে। অংশগ্রহণকারীরা এই ওয়েবসাইট লিংকে গিয়ে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য সংগ্রহ ও অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ এনিমেল সায়েন্স এন্ড ভ্যাটেনারী মেডিসিন এর সম্মানিত ডিন প্রফেসর ড. কে. বি. এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রভা অরোরা‘র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং FEE বাংলাদেশের ন্যাশনাল অপারেটর বিধান চন্দ্র পালের সভাপতিত্বে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব আখতারি মমতাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ এনিমেল সায়েন্স এন্ড ভ্যাটেনারী মেডিসিনের এসোসিয়েট প্রফেসর ড. মোঃ আব্দুল মাসুম, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, এমওএস হারম্যান মেইনার কলেজ ঢাকার প্রিন্সিপাল রাফিয়া আক্তার এবং প্রভা অরোরা‘র উপদেষ্টা ডা. আফতাব উদ্দিন।
অতিথিরা তাদের বক্তব্যে এটিকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের আহ্বান জানান এবং প্রাণীদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা প্রকাশ ও তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বাংলাদেশেও দিবসটি সরকারিভাবে পালন করা প্রয়োজন বলে মন্তব্য করেন।
সবাইকে নিয়েই এই পৃথিবী সুন্দর হোক সেটাই আমাদের আকাঙ্ক্ষা হবে ব্যক্ত করে আখতারী মমতাজ তাঁর বক্তব্যে বলেন, আমরা যখন প্রাণীদের আক্রমণ করি, তারা তখন দূরে সরে যায়। তাদের নির্ভরতা দেওয়া দরকার তোমরা আছো, তাই আমরা আছি। তিনি প্রাণী দিবসের গুরুত্ব তুলে ধরে প্রাণীদের প্রতি ভালোবাসা প্রকাশের ও সচেতন হওয়ার অনুরোধ সবার প্রতি জানান।
এর পরের বছর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব প্রাণী দিবসের হোস্ট করার অনুরোধ রেখে প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের গাছ চেনানো, মাছ চেনানো, প্রাণী চেনানো জরুরি সে বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে তিনি জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভূমিকাও বিশেষভাবে প্রত্যাশা করেন।
ড. মোঃ আব্দুল মাসুম ওয়ান হেলথ এর কনসেপ্টের ওপর গুরুত্ব দিয়ে বলেন, আমাদের নিজেদের প্রয়োজনেই প্রাণীদের ওয়েলফেয়ার নিশ্চিত করতে হবে।
মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, এই বিশ্বের ভারসাম্য রাখতে হলে পরিবেশের ভারসাম্য আমাদেরকে রাখতে হবে। আগামী বিশ্ব কেমন হবে তা নির্ভর করতে আগামী প্রজন্মের উপর উল্লেখ করে তিনি বলেন, মানবজাতি হিসেবে আমাদেরকে দায়িত্ববান হতে হবে, প্রাণীদেরকে ভালোবাসতে হবে।
বিধান চন্দ্র পালের বক্তব্যের সাথে সঙ্গতি রেখে উপস্থিত শিক্ষার্থীরা প্রতিদিন না হলে প্রতি সপ্তাহে অন্তত একটি করে প্রাণীদের জন্য ভালো কাজ করার অঙ্গীকার করেন। বিধান চন্দ্র পাল বলেন, বর্তমানে সামগ্রিকভাবে পরিবেশের অবক্ষয় ও জলবায়ু পরিবর্তনের আঙ্গিক বিবেচনায় রেখে প্রাণীদের প্রতি যত্নশীল ও মনোযোগী হওয়াটা আমাদের সবার জন্যই জরুরি হবে।
প্রসঙ্গত উল্লেখ থাকে যে, অনুষ্ঠানটি আয়োজনে প্রভা অরোরার পক্ষ থেকে মূখ্য ভূমিকা পালন করেন ঢাকার স্বনামধন্য ইংরেজী মাধ্যম স্কুল সানিডেলের শিক্ষার্থী রাইসা হক এবং রাইদা হক।
অনুষ্ঠানে বিজয়ীদেরকে পুরস্কার হিসেবে পরিবেশবান্ধব সামগ্রী প্রদান করা হয়।








