মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বকেয়া টাকা চাওয়ায় রাজা মিয়া (৬৫) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা চেষ্টা করেছেন এক যুবক। এসময় তাকে উদ্ধার করতে যাওয়ায় এক শিশুসহ ৩ জনকে কুপিয়েছে ওই যুবক। রোববার (১৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে মিরসরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধ্যম মঘাদিয়া এলাকার রাজা মিয়ার দোকানে এই ঘটনা ঘটে। রাজা মিয়া ওই এলাকার মরহুম আমিনুর রহমানে ছেলে। আহত অন্যরা হলেন ওই এলাকার জামাল উল্ল্যার ছেলে ফখরুল ইসলাম (৪২), একই এলাকার মরহুম মোজাম্মেল হোসেনের ছেলে ওবায়দুল্ল্যাহ হাসিব (১৩) ও একটি বেকারির কর্মচারী মোহাম্মদ ইউসুফ (৩৫)। রাজা মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে। অপর তিনজন মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এদিকে ঘটনাস্থল থেকে সাইদুল ইসলাম রাসেল (২৮) নামে ওই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি চুরি উদ্ধার করা হয়। রাসেল ওই এলাকার শামসুল আলমের ছেলে।
রাজা মিয়ার ভাতিজা সাবেদুর রহমান জানান, ‘গ্রামে আমার জেঠার (বাবার বড় ভাই) একটি মুদি দোকান রয়েছে। দোকান থেকে বাজার বাবদ রাসেলের কাছে রাজা মিয়া প্রায় ১০ হাজার বকেয়া পেয়ে থাকেন। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে তার কাছে বকেয়া টাকাগুলো চাওয়া হয়। এ কারণে রোববার সকালে দোকানে ঢুকে ক্যাশে বসা অবস্থায় আমার জেঠাকে কোনকিছু বুঝে উঠার আগেই এলোপাতাড়ি কোপাতে থাকে রাসেল। ওই সময় দৌড়ে দোকানে বাইরে গেলে রাস্তার ওপর ফেলে ছুরি দিয়ে গলা কাটার চেষ্টা করেন। তাকে বাঁচাতে আসায় আরো ৩ জনকে কুপিয়েছে রাসেল।’
তিনি আরো বলেন, ‘পুরো দোকান রক্তে লাল হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বাঁচার সম্ভাবনা কম।’
মিরসরাই পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আল ফায়হাত সংগ্রাম বলেন, ‘আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। বকেয়া টাকা চাওয়ায় এভাবে জবাই করে দেয়া ভাবতে অবাক লাগছে।’
পুলিশের হাতে আটক সাইদুল ইসলাম রাসেলের মা পারভীন আক্তার বলেন, ‘আমার ছেলে গত কয়েকদিন ধরে অস্বাভাবিক আচরণ করছে। গতকাল রাতে তার বোনকেও কোনো কারণ ছাড়াই মারধর করে।’
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, মিরসরাই পৌরসভার মধ্যম মঘাদিয়া এলাকায় বকেয়া টাকা চাওয়ায় এক ব্যবসায়ীসহ কয়েকজনকে কুপিয়ে আহত করায় সাইদুল ইসলাম রাসেল নামে এক যুবককে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি চুরি জব্দ করা হয়। এই ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলছে।








