রাত পোহালেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ বাংলদেশের। এইতো ৪৮ ঘণ্টা আগে, ২১ অক্টোবর এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯ রানের হিমালয় সমান স্কোর গড়ে ২২৯ বিরাট জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে প্রোটিয়াদের ব্যাটিং ও টিম পারফরমেন্স টাইগার ভক্তদের চিন্তায় ফেলে দিয়েছে।
সবার একটাই কথা, যে মাঠে প্রোটিয়ারা বিশ্ব চ্যাম্পিয়নদের নাভিঃশ্বাস তুলে ছাড়লো, সেই মাঠেই বাংলাদেশের বিপক্ষে খেলা। কি হবে? একটা অজানা শঙ্কায় বুক কাঁপছে টাইহার ক্রিকেট ভক্তদের।
বাংলাদেশ ভক্ত ও সমর্থকদের ভড়কে যাওয়ার মত আরও খবর আছে। কারণ, এবারেরর বিশ্বকাপেই শুধু নয়, ইতিহাস জানাচ্ছে, এই মাঠেই ভারতের বিপক্ষে ৪৩৮ রানের পাহাড় সমান স্কোর আছে প্রোটিয়াদের।
অবশ্য সেটা নিকট অতীতে নয়। ৮ বছর আগে, ২০১৫ সালের ২৫ অক্টোবর তিন প্রতিষ্ঠিত ব্যাটার কুইন্টন ডি কক, ফ্যাফ ডু প্লেসি এবং এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরির ওপর ভর করে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ৪৩৮ রানের হিমালয় সমান স্কোর গড়ে ভারতকে হারিয়েছিল ২১৪ রানের বিরাট ব্যবধানে।
যে মাঠে স্বাগতিক ভারতের বিপক্ষে একবার ৪০০’র বেশি রান করার রেকর্ড আছে, যে ভেন্যুতে এই মাত্র দুদিন আগে ইংলিশ বোলাররা পাত্তাই পায়নি প্রোটিয়াদের কাছে, তাদের উইলো তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলো ইংলিশ বোলিং। সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামকে প্রোটিয়ারা নিজেদের সাফল্যের স্বর্গ ভাবতেই পারেন।
বলে রাখা ভাল, ৮ বছর আগে ভারতের বিপক্ষে করা ৪৩৮ রানের হিমালয় সমান স্কোর গড়ার ম্যাচে ছিলেন আজকের দক্ষিণ আফ্রিকান টপ অর্ডার কুইন্টন ডি ককও। এবারের বিশ্বকাপে এরই মধ্যে একজোড়া শতরান করে ফেলেছেন তিনি। কাজেই মুম্বাইতে প্রোটিয়াদের মনোবল ও আস্থা থাকবে আকাশছোঁয়া।
তবে শুধু ওপরেরটুকু পড়েই হয়ত হতোদ্যম হয়ে যাবেন। ভাববেন, হায় এ ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুঝি দক্ষিণ আফ্রিকার পয়োমন্তঃ ভেন্যু। নাহ, ঠিক তাও বলা যাবে না। ইতিহাস ও পরিসংখ্যান ঠিক তাও বলেননা। কারন ইতিহাস জানাচ্ছে এ মাঠের পিচ একটু বোলিং ফ্রেন্ডলি।
এই মাঠে দ. আফ্রিকার ৪৩৮ রান যেমন আছে, আবার অস্ট্রেলিয়ার ভারতের কাছে ৭৯ রানে অলআউট হবার রেকর্ডও আছে। আর এ মাঠে ৩০০+ রান তাড়া করে জেতেনি কেউ। সবচেয়ে বেশি তাড়া করে জয়টি নিউজিল্যান্ডের। ভারতের ২৮৪ রান টপকে জিতেছে কিউরা।
আর সবচেয়ে কম ১৯২ রান ডিফেন্ড করেছে ওয়েস্ট ইন্ডিজ; ভারতের বিপক্ষে। এখন দেখার বিষয় বাংলাদেশের বিপক্ষে সেই পয়োমন্তঃ ভেন্যু ওয়াংখেড়ে কি করে প্রোটিয়ারা? টাইগার বোলারদের জন্য কঠিন এক চ্যালেঞ্জ কালকের ম্যাচ।
এআরবি/আইএইচএস/








