রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল সোবহান আকন্দ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে মহিমাগঞ্জ রেলস্টেশনে এ দুঘর্টনা ঘটে। নিহত আব্দুস সোবহান মহিমাগঞ্জ (টিএলআর) স্টেশন মাস্টার। বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন মঙ্গলবার সকালে ডিউটি শেষে বাড়ি ফেরার জন্য করতোয়া ট্রেনে উঠতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন। নিহত সোবহান আকন্দের বাড়ি গাইবান্ধার শহরের জুম্মাপাড়ায়। দুর্ঘটনায় তার ডান হাত ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন, আব্দুস সোবহান মহিমাগঞ্জ স্টেশনে টিএলআর (চুক্তি ভিত্তিক) স্টেশন মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো ডিউটি শেষে বাড়ি ফেরার জন্য তিনি প্রস্তুতি নেন। এসময় চলন্ত করতোয়া ট্রেনে উঠার চেষ্টা করতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে পড়ে তার ডান হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা আব্দুস সোবহানকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।







