আবিদ হাসান ইমতিয়াজ, ইবি।
চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যেকার সংঘাত দিন দিন মানবিকতা লঙ্ঘনের চরম পর্যায়ে পৌছেছে। বিশ্ববাসী ফিলিস্তিনিদের উপর ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছে। ইসলামী বিশ্ববিদ্যালয়েও (ইবি) আজ সোমবার (০৬ মে) স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকেরা যে আন্দোলনের সূচনা করেছে তার প্রতি সংহতি প্রকাশ করে পতাকা উত্তোলন, বিশাল পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সোমবার (০৬ মে) শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্ব বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ টেন্ট এলাকা থেকে শুরু হয় এ কর্মসূচি।
পরে বিশ্ববিদ্যালয়ের ঝালচত্ত্বর, ডায়না চত্ত্বর, মৃত্যুঞ্জয়ী মুজিবসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ছাত্রলীগ দলীয় টেন্টে ছাত্র সমাবেশে ফিলিস্তিনিদের পক্ষে বক্তব্যের মাধ্যমে শেষ হয় এ কর্মসূচি।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ,ইসলামী বিশ্বিবদ্যালয় শাখার সহ-সভাপতি রকিবুল ইসলাম, আরিফুল ইসলাম খান, মৃদুল হাসান রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ প্রায় কয়েক শতাধিক নেতা-কর্মীবৃন্দ।







