মিরসরাই প্রতিনিধি
৬ দিন নিষেধাজ্ঞার পর পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে খৈয়াছড়া ঝরনা। শুক্রবার (৪ অক্টোবর) ঝরনায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাথর অপসারণ ও প্রয়োজনীয় সংস্কারের পর পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম। এর আগে গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) খৈয়াছড়া ঝরনার ওপর থেকে মাথায় পাথর পড়ে এক পর্যটক নিহত হন। এরপর শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঝরনায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের জন্য সাময়িকভাবে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলমবলেন, ‘গত শুক্রবার পাথর পড়ে এক পর্যটকের মৃত্যুর পর ঝরনায় ঝুঁকিপূর্ণ পাথর অপসারণ ও সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিলো। ঝুঁকিপূর্ণ পাথর অপসারণ ও সংস্কার শেষে আগামী শুক্রবার থেকে খৈয়াছড়া ঝরনা পর্যটকদের জন্য আবার পুরোদমে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে খৈয়াছড়া ঘুরতে গিয়ে মৃত্যু হয় পাঁচজনের। সবশেষ গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে খৈয়াছড়া ঝরনায় গোসল করতে নেমে উপর থেকে পাথর পড়লে এক ব্যাংকারের মৃত্যু হয়। মাহবুব হাসান (২৭) নামে ওই ব্যাংকার ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় গাজী আহমেদ বিন (৩৫) নামে আরও একজন আহত হন।







