আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদক বিরোধী অভিযানে দুই মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, রোববার (০১ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে এবং পুঠিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলার কান্দ্রা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয় রাজশাহীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের সিদ্দিকের পুত্র মোহাম্মদ বেল্লাল (৩৪) এবং পুঠিয়া থানার বড় কান্দা মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ হুমায়ুন রশিদের পুত্র মেহেদী হাসানকে (২৮)।
আসামিরা ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে কারাদণ্ড কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।
প্রশাসন সূত্র জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এদিকে ইউএনও’র এই মাদকবিরোধী অভিযানে জনমনে পরম স্বত্তি বিরাজ করছে। উপজেলার দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ এমন মাদক বিরোধী অভিযান চলমান রাখার অনুরোধ করেছেন।#








