সিহাব আলম সম্রাট, রাজশাহী
রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুরের বোনাপাড়া গ্রামে মাদকবিরোধী টাস্কফোর্সের এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ তৈরি চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি জব্দ করার পর তা জনসম্মুখে ধ্বংস করা হয়।
০৩ অক্টোবর ২০২৬ ইং শনিবার গোপন সংবাদের ভিত্তিতে আজ কৃষ্ণপুরের বোনাপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক ব্যবসায়ীদের তৈরি করা ২০০ লিটারেরও বেশি চোলাই মদ এবং তা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়। উদ্ধারকৃত মদ ও এসব সরঞ্জামাদি পরবর্তীতে ওই এলাকার সর্বসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। তিনি বলেন, “সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আমাদের যুব সমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
এলাকাবাসী প্রশাসনের এ সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং মাদক নির্মূলে নিয়মিত এমন অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।








