সন্দ্বীপ প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মগধারা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আলমগীর বন্ধকী চুক্তি বাস্তবায়ন না হওয়ায় প্রদত্ত ৭০ লাখ টাকা ফেরতের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন।
মঙ্গলবার ১৬ জুন বিকেল ৩ টায় মগধারা ২ নম্বর ওয়ার্ডের কাটাখালী বেড়িবাঁধ এলাকায় আরআরবি ব্রিকস সংলগ্ন স্থানে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২২ সালের ১৮ জুলাই মো. ফখরুল ইসলাম, মো. তাজুল ইসলাম ও মো. জহির ইসলামের সঙ্গে তার একটি লিখিত বন্ধকী চুক্তি সম্পাদিত হয়।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, চুক্তি অনুযায়ী তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের ৭০ লাখ টাকা প্রদান করেন। এর বিপরীতে তাদের দখলীয় একটি পাঁচতলা ভবন ও সংশ্লিষ্ট সম্পত্তি বন্ধক হিসেবে দেওয়ার কথা ছিল। একই সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করার বিষয়ও উল্লেখ ছিল।
তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও চুক্তির শর্তাবলি বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, একাধিকবার অনুরোধ, আলোচনা ও সমঝোতার চেষ্টা করেও তিনি প্রদত্ত অর্থ ফেরত পাননি এবং প্রতিশ্রুত কার্যক্রমও সম্পন্ন হয়নি।
সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ আলমগীর অবিলম্বে তার পাওনা ৭০ লাখ টাকা ফেরত দেওয়া, চুক্তির আওতায় প্রদত্ত জামানত ও নিরাপত্তা দলিলের আইনগত নিষ্পত্তি এবং বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি জানান।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করা হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।







