মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে চারদিন ব্যাপী শুরু হয়েছে রাস মহোৎসব ২০২৬। মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ।
পাহাড়ের বুকে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ঐতিহ্যবাহী রাস মহোৎসব ও মেলা ঘিরেই এখন রামগড়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
প্রতি বছরের মতো এবারও উৎসবটিকে আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করতে স্থানীয় পূজা কমিটি বিভিন্ন প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করছেন।
তারই পাশাপাশি সম্প্রীতির বন্ধন অটুট রাখতে রামগড় ৪৩ বিজিবির পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে রামগড় অদ্বৈতধাম মন্দির অতিথী হিসেবে উপস্থিত থেকে মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল আহসান উল ইসলাম।
২২ নভেম্বর রাত থেকে শুরু হওয়া চার দিন ব্যাপী এ উৎসব চলবে আগামী ২৫ নভেম্বর বুধবার পর্যন্ত।
রামগড়ে “ঐতিহ্যবাহী” রাস মহোৎসবকে ঘিরে মন্দিরে বেড়ে চলেছে লোক সমাগম। বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তি কামনায় রামগড় অদ্বৈতধাম মন্দিরে এই রাস মহোৎসব অনুষ্ঠিত হয়।
ঢাকের বাদ্য, উলুধ্বনি, ধূপ আর পূজার নৈবেদ্যতে চলবে রাসপূজা।”ঐতিহ্যবাহী” রাস মহোৎসবকে ঘিরে বসতে শুরু করেছে হরেক রকমের মেলাও।
রাস মহোৎসবে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হওয়া বিভিন্ন লীলা প্রদর্শনী ও মহানামযজ্ঞ ও দুপুড় থেকে রাত পর্যন্ত মহা প্রসাদ বিতরণ চলমান থাকবে।
রাস মহোৎসব উপলক্ষে রামগড় অদ্বৈতধাম মন্দিরের আশপাশের এলাকায় নানা পসরা সাজিয়ে বসছে অস্থায়ী ও স্থানীয় দোকানিরা।পূজা উপলক্ষে কেবল ধর্মীয় আচারই নয়, মন্দির প্রাঙ্গণগুলোতে বসেছে গ্রামীণ মেলা, যা রাস মহোৎসবে এক ভিন্ন মাত্রা যোগ করবে।
পাহাড়ে এই উৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের মাঝেই সীমাবদ্ধ থাকে না, বরং এটি সকল সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে একটি সর্বজনীন সম্প্রীতির উৎসবে পরিণত হয়।
এতে আরো উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি পরিমল দাশ, সাধারন সম্পাদক কৃষ্ণ নাগ, কোষাধক্ষ হারাধন নাথ, সহ কোষাধক্ষ সজল চন্দ্র দেবনাথ সহ অন্যান্য সদস্য,সনাতনী ভক্তবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।









