মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে একরাতে ৩টি ইউনিয়নে চুরির ঘটনায় উদ্বেগ ও উৎকন্ঠা দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। সোমবার দিবাগত রাতে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নে, ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নে ও ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নে এসব চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় মঙ্গলবার (১৪ অক্টোবর) জোরারগঞ্জ ও মিরসরাই থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
জানা যায়, মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলমের ২টি, জসিম উদ্দিনের ১টি এবং রেজাউল করিমের ২টিসহ ৫টি গরু চুরি হয়ে গেছে। ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামের মানছদ মাঝি বাড়ী থেকে রাতের আঁধারে গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরুগুলো নিয়ে যায় চোর। গরুগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকা বলে দাবী গরুর মালিকদের। গরুগুলো একই বাড়ির আলাদা আলাদা গোয়াল ঘরে বাঁধা ছিল।
এবিষয়ে ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম বলেন, ‘চোরের দল আমার ১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের একটি গাভী ও একটি বাচুর, আমার ভাই জসিম উদ্দিনের দেড় লক্ষ টাকা মূল্যের একটি শাহীওয়াল জাতের বড় গরু এবং চাচাতো ভাই রেজাউল করিমের ১ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের একটি গাভী ও একটি বাচুর নিয়ে যায়। ৫টি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকা। রাতের কোন এক সময় গোয়ালঘরগুলোর তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় আমি বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।’
এদিকে মিরসরাই উপজেলার বড় কমলদহ ডাকঘর বুড়া হুজুরের মাজারের পাশে এন.এস কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের ভেন্টিলেটর ভেঙ্গে চোর ভেতরে ঢুকে ৫টি ল্যাপটপ, নগদ প্রায় ৬০ হাজার টাকা, রাউডার ও অনু নিয়ে গেছে। খবর পেয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এন.এস কম্পিউটার এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক এম এ হাসনাত বলেন, ‘সোমবার রাত ৮ টার দিকে ট্রেনিং সেন্টার বন্ধ করে আমি বাড়ি ফিরি। মঙ্গলবার সকাল ৯ টার দিকে ট্রেনিং সেন্টার খুলে দেখি সব এলোমেলো ও ভেন্টিলেটর ভাঙ্গা। চোর পেছনের অংশের ভেন্টিলেটর ভেঙ্গে ৫টি ল্যাপটপ, নগদ প্রায় ৬০ হাজার টাকা, রাউডার ও অনু নিয়ে গেছে। এতে আমার প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। চুরির ঘটনায় আমি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিবো।’
অপরদিকে মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুয়ারু গ্রামের ওয়ারিশ মিঝি বাড়ী থেকে সোমবার রাত সাড়ে ৩ টায় শিকল কেটে ও তালা ভেঙ্গে একটি ডিসকভার (চট্ট মেট্টো হ—২০—৫২০৩) মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোরের দল। মোটরসাইকেল মালিক রাজমিস্ত্রি মোজাম্মেল হক এই ঘটনায় মিরসরাই থানায় লিখিত অভিযোগ দায়ের দায়ের করেছেন। মিরসরাই থানা পুলিশ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মোজাম্মেল হক বলেন, ‘প্রতিদিনের ন্যায় আমি কাজ শেষে বাড়ির উঠানে মোটরসাইকেলটি তালাবদ্ধ করে রেখে বিশ্রামে যাই। সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখি মোটরসাইকেলটি উঠানে নেই। পরবর্তীতে আমাদের পাশের ঘরের লোকদের সিসিটিভি ফুটেজ চেক করলে দেখি মুখে কাপড় বাঁধা অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি রাত সাড়ে ৩ টার দিকে শিকল কেটে সুকৌশলে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। মোটরসাইকেলটি ১ লক্ষ ৩৪ হাজার টাকা দিয়ে কিনেছিলাম।’
প্রসঙ্গত, মিরসরাইয়ে গত কয়েক মাস ধরে একের পর এক চুরির ঘটনায় দিশেহারা হয়ে উঠেছে মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, গরু, ঘরবাড়ি, দোকানপাঠ মোটরসাইকেল কিছুই রেহাই পাচ্ছেনা সংঘবদ্ধ চোর দলের কবল থেকে। পাশাপাশি ঘটছে ডাকাতির ঘটনাও। বিভিন্ন চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ থাকার পরও চুরি হওয়া জিনিস উদ্ধার কিংবা কোনো চোরকে গ্রেপ্তার করতে পারছেনা পুলিশ। এই ঘটনায় পুলিশের নীরব ভূমিকা নিয়ে অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা। তবে বেশিরভাগ চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়েরের ব্যাপারে অনিহা প্রকাশ করেন তারা। তাই অভিযোগ না পাওয়ার প্রেক্ষিতে পুলিশের কাজের ব্যাপ্তিও কমে যায় বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এবিষয়ে জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বলেন, ‘অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। প্রতিনিয়ত বিভিন্ন অপরাধীদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে। বিভিন্ন এলাকায় চুরি বেড়েছে। তাছাড়া চুরির বিষয়ে ভুক্তভোগীরা আইনী ঝামেলার কারণে অভিযোগ দেয়না। তবে পুলিশ কাজ করছে পরিস্থিতি শৃঙ্খলায় ফেরাতে।’
এবিষয়ে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, ‘শুধু মিরসরাই না চুরি সারাদেশে বেড়েছে। এটার অনেক কারণ। আমরা প্রতিনিয়ত বিভিন্ন মামলায় অপরাধীদের গ্রেফতার করে চালান করছি আদালতে এটি দৃশ্যমান। অন্যদিকে উপজেলার জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অপ্রতুল। সারারাত বিভিন্ন বাজার, গ্রাম টহল দেওয়ার পরও পুরো এলাকা এত অল্প সংখ্যক পুলিশ সদস্য দিয়ে কাভার দেওয়া কষ্টসাধ্য। স্থানীয় তরুণ যুবকরা চুরি দমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে, পালাক্রমে পাহারা দিয়ে নিজ নিজ এলাকায় চুরি ঠেকাতে পারে। জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।’
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








