জাতীয়তাবাদী রাজনীতির নিরলস কর্মী, সৎ ব্যবসায়ী, সমাজসেবক ও একজন আদর্শ মানুষ হিসেবে আলহাজ্ব মোল্লা মো. আব্দুল্লাহ বাগেরহাট তথা চিতলমারী অঞ্চলে এক পরিচিত ও শ্রদ্ধার নাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি এই দলের সঙ্গে নিবেদিতভাবে জড়িত রয়েছেন।
রাজনৈতিক জীবন ও অবদান
একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, তিনি ঢাকায়স্থ বাগেরহাট জেলা জাতীয়তাবাদী ফোরামের বারবার নির্বাচিত সভাপতি ছিলেন। এছাড়াও বাগেরহাট জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। চিতলমারী উপজেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।
জুলাই মাসের বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে তার সক্রিয় অংশগ্রহণ ছিলো বলেও জানান তিনি।
তিনি বলেন,
“জাতীয়তাবাদী দলের সুদিনে যেমন পাশে ছিলাম, তেমনি দুর্দিনেও নেতাকর্মীদের পাশে থেকেছি—মামলা-মোকদ্দমা, আর্থিক সহায়তা, রাজনৈতিক সহযাত্রা—সব ক্ষেত্রেই সক্রিয় থেকেছি। এখনো আছি।”
তিনি আরও জানান, আসন্ন চিতলমারী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ২০২৫-এ সভাপতি পদে তিনি প্রার্থী হচ্ছেন এবং নেতা-কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
জন্ম ও শিক্ষা
আলহাজ্ব মোল্লা মো. আব্দুল্লাহ ১৯৫৩ সালের ১১ আগস্ট জন্মগ্রহণ করেন চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। তার পিতা মরহুম সুফী আলহাজ্ব হাবিবুর রহমান (সুফী সাহেব) ছিলেন একজন সৎ ও ধার্মিক মানুষ, যিনি নিজ গ্রামে একটি মক্তব প্রতিষ্ঠা করেছিলেন।
সেই মক্তব থেকেই তার শিক্ষাজীবন শুরু হয়। পরে বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকার খিলগাঁও সরকারি হাইস্কুল, ঢাকা কলেজ এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।
সামাজিক অবদান
একজন প্রকৃত সমাজসেবী হিসেবে এলাকাবাসীর কাছে আলহাজ্ব মোল্লা মো. আব্দুল্লাহ আজও স্মরণীয়। তিনি পিতার প্রতিষ্ঠিত মক্তবটিকে প্রথমে আলিয়া মাদ্রাসা ও পরে ফাজিল মাদ্রাসায় রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া ঢাকার কেরানীগঞ্জে তে-ঘড়িয়া বাসস্ট্যান্ড জামে মসজিদ, বড়বাড়িয়া কবরস্থান প্রতিষ্ঠা, এবং আরও অনেক সমাজসেবামূলক কাজের সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।
পারিবারিক জীবন
পারিবারিক জীবনেও তিনি একজন আদর্শ পিতা। স্ত্রী ও চার সন্তানকে নিয়ে গড়া তার পরিবার। দুই মেয়ে উচ্চ শিক্ষিত। বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। ছোট ছেলে আব্দুল্লাহ আল মাহামুদ ও তার স্ত্রী ইশা—উভয়ই ঢাকা হাই কোর্টে ব্যারিস্টার হিসেবে আইন পেশায় নিয়োজিত।








