গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ছেঁড়া শাড়ি বিতরণের অভিযোগ উঠেছে নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের বিরুদ্ধে।
বৃহস্পতিবার ডোমার উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে শাড়িগুলো বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আব্দুস ছাত্তার। ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের শাড়ি বিতরণ না করে তা পরিবর্তন করে ছেঁড়া শাড়ী বিতরণ করেছে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওনালা আব্দুস সাত্তার। এই নিয়ে এলাকা জুড়ে তোলপাড় শুরু হয়েছে। ছেঁড়া শাড়ি বিতরণ করায় দান গ্রহীতাদের তোপের মুখে পড়েন স্থানীয় এমপি। ছেঁড়া শাড়ির বিষয়ে এমপিকে অভিযোগ করে এর কোন প্রতিকার না পাওয়ায় ভুক্ত ভোগীরা সংসদ সদস্যের গাড়ি আটক করে এবং ভূয়া ভূয়া বলে শ্লোগান দেন। এ বিষয়ে এমপি আব্দুস ছাত্তার বলেন, ফ্যাসিষ্ট পালিয়ে গেলেও তাদের কিছু দোসর এখনো রয়েছে। তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। ডোমার উপজেলা নির্বাহী অফিসার শায়লা সাঈদ তন্বী জানান, সাড়ে তিন শত মহিলার মাঝে শাড়ি এবং আড়াইশো জনের মাঝে দুই হাজার করে টাকা বিতরণ করা হয়েছে। শাড়িগুলো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এমপি মহোদয় নিয়ে এসেছেন।






