সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তাঁর ফেসবুকে ডয়েচে ভেলের ‘প্রসঙ্গ সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী ও আওয়ামী লীগ’ শিরোনামের একটি প্রতিবেদন থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিকের মন্তব্য হুবহু তুলে ধরেছেন। যার সারমর্ম হলো— কোনো রাজনৈতিক দল কীভাবে চলবে বা চলবে না, তা সরকার বা আইন দিয়ে নির্ধারণ করা গণতান্ত্রিক নয়। জনগণই ভোটের মাধ্যমে দলকে গ্রহণ বা প্রত্যাখ্যান করবে। কোনো দলকে রাজনৈতিক কার্যক্রম থেকে বাদ দেওয়া বা বাধা দেওয়া গণতন্ত্র ও সংবিধান পরিপন্থী।
‘কালো আইন’ খ্যাত একই সন্ত্রাসবিরোধী আইন (যেটি পাস করেছিল আওয়ামী লীগ) এর আলোকে যখন জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ- তখন যদি এই যৌক্তিক ব্যাখ্যাটি বিবেচনায় নিতো দলটি, সেই সঙ্গে নির্বাচন ইস্যুসহ আরও অনেক বিষয়ে যদি এমন যৌক্তিক ব্যাখ্যা ক্ষমতায় থাকতে গ্রহণ করতো দলটি, তাহলে কি তাদের এমন দিন দেখতে হতো?
অন্যদিকে, নির্বাহী আদেশে যে প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হয়েছিল জামায়াতকে, আওয়ামী লীগ পতনের পর যমুনার সামনে আন্দোলনের ‘নাটক মঞ্চস্থ’ করে একইভাবে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগকে। যে সিদ্ধান্তকে শুধু স্বাগত জানানোই নয়, বরং ক্ষমতায় গিয়ে আইন পাসের মাধ্যমে পাকাপোক্ত করল বিএনপি।
আবার, আওয়ামী লীগ আমলে যেমন হয়রানিমূলক মামলার শিকার হয়েছিলেন বিএনপি ও জামায়াতের অসংখ্য নেতাকর্মী, ক্ষমতার পট পরিবর্তনের পরপরই তার চেয়েও ভয়াবহ নির্বিচার ভুয়া মামলার শিকার হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন বাস্তবতায় কেন জনগণের কাছে ‘বেটার চয়েজ’ হবে বিএনপি বা জামায়াত? নাকি জনগণকে ‘চয়েজ’ করার অপশন না দিতেই সন্ত্রাসবিরোধী আইনের মতো কালো আইনকে আরও কুচকুচে কালো করে সংসদে পাস করল বিএনপি ও জামায়াত?
Views: 214
Related