২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় বাজুস। নতুন নির্ধারিত দাম বুধবার (২১ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। বৈশ্বিক বাজার পরিস্থিতি ও সামগ্রিক বাস্তবতা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
নতুন মূল্যতালিকা অনুযায়ী,
-
২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা
-
২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা
-
১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা
-
সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
স্বর্ণের এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতা ও গহনা ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক বাজারে দাম বাড়তে থাকলে স্থানীয় বাজারেও স্বর্ণের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।







