গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে জমা জমি নিয়ে বিরোধ এবং মামলাকে কেন্দ্র করে একটি পরিবারকে এক ঘরে করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, জোড়াবাড়ী ইউনিয়নের ছালাম পাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুর রাজ্জাকের সাথে একই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে আব্দুল খালেক, মৃত হবিবর রহমানের ছেলে খয়রুল ইসলাম, মৃত অলিয়ার রহমানের ছেলে ছুবান, মৃত জহির উদ্দিনের ছেলে মজিবর রহমান ও আশরাফ আলী, মৃত মোবারক আলীর ছেলে রফিকুল ইসলাম ও আমিনুর, মৃত আবুল হকের ছেলে বজলু এবং মোজার ছেলে মোক্তাহারের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে কয়েকটি মামলা আদালতে চলমান রয়েছে। বর্তমানে উল্লেখিত ব্যাক্তিগন মামলাগুলো আদালত থেকে তুলে নিতে চাপ ও নানা প্রকার হুমকি দিচ্ছেন। এজন্য আব্দুর রাজ্জাকের পরিবারকে এক ঘরে করেছে। সম্প্রতি আব্দুর রাজ্জাক মসজিদে নামাজ পড়তে গেলে তাকে মসজিদ থেকে বের করে দেন এবং মসজিদে ঘোষণা দেন আব্দুর রাজ্জাক মসজিদে আসতে পারবে না এমনকি মসজিদের সামনে দিয়ে চলাফেরা করতে পারবে না। তাদের হুমকির কারণে আব্দুর রাজ্জাক ও তার পরিবার স্বাধীন ভাবে চলাচল করতে পারছেন না। যে কোন সময় অনাকাংখিত ঘটনা ঘটতে পারে বলে অভিযোগ করেন আব্দুর রাজ্জাক।
এ ঘটনায় আব্দুর রাজ্জাক গত ২৬মে উল্লেখিত ব্যাক্তিদের নামে ডোমার থানায় একখানা লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জোড়াবাড়ী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি অভিযুক্ত মজিবর রহমান জানান, রাজ্জাক আমাদের নামে মামলা করেছেন। মামলা তুলে না নেয়ায় তাকে এক ঘরে করা হয়েছে।








