স্টাফ রিপোর্টার \ দিনাজপুর জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ ইসরাফিল আলম বলেছেন, বাংলাদেশের সকল মানুষ আইনের চোখে সমান এবং সকলে ন্যায় বিচার পাবে। অস্বচ্ছল, অসহায় ব্যক্তিদের আমরা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনী সহায়তা দিয়ে আসছি। মামলা নং- আপোসের মাধ্যমে অসহায় মানুষরা বিনা পয়সায় ন্যায় বিচার পাচ্ছে। গত মাসে আমরা ১৩৮টি মামলা নিষ্পত্তি করেছি। আপনারা লিগ্যাল এইড অফিসে আসবেন এবং সবাইকে আসতে অনুরোধ করবেন। অসহায় নারীদের আইনী সহায়তা বিষয় নিয়ে পল্লীশ্রী তৃণমূল পর্যায়ে যে কাজ করে যাচ্ছে আমরা তাদের সহযোগিতা করব।
৭ জুলাই মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালত দিনাজপুর এর শহীদ হোসেন-জগন্নাথ সম্মেলন কক্ষে পল্লীশ্রী বালুবাড়ী, দিনাজপুরের বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা পর্যায়ে লিগ্যাল এইড প্রশাসনের সাথে আইনগত সহায়তা বিষয় নিয়ে নারী ক্লাবের সদস্য ও উপকারভোগীদের সাথে সমন্বয় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। পল্লীশ্রী’র ম্যানেজার ও জেন্ডার এন্ড জাস্টিস শামসুন নাহার এর সভাপতিত্বে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন সিএসও প্রকল্পের ফোকাল পার্সন শামীমা পপী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রকল্প সমন্বয়কারী রওনক আরা হক নীপা। নারী ক্লাবের সদস্য তাদের আইনগত সমস্যা নিয়ে বক্তব্য রাখেন তন্নী বেগম, রাজিয়া বেগম, সোনামনি, তিথি রায়, আরফিনা আলেয়া, হাসিনা বানু। সভাপতির বক্তব্যে শামসুন নাহার বলেন, প্রান্তিক নারীদের অধিকার রক্ষা ও তাদের অধিকার আদায়ের জন্য সুশীল সমাজের সংগঠন এবং সরকারি কর্তৃপক্ষকে শক্তিশালী করাই এই প্রকল্পের লক্ষ্য। সেইসাথে নারীর স্বপক্ষে আইনি অধিকার সম্পর্কে জানানো।








