পঞ্চগড়//
পঞ্চগড়ে চুরির অভিযোগে নাজমুল হক ওরফে বিশারু (৬০) নামের এক বৃদ্ধ গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) সকালে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হারিভাসা ইউনিয়নের দেবীজাদু প্রধান পাড়া এলাকার তাজিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামের জ্যোতিষের বাড়ির পিছনে সিঁদ কেটে, ভিতরে যায় দুই চোর অর্থ ও স্বর্নলংকার চুরি করে পালানোর সময়, জ্যোতিষ টের পেয়ে চিৎকার করলে একজন পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে আটক হয় নাজমুল হক বিশারু। পরে তাকে মারপিট করলে অজ্ঞান হয়ে যায়। পুলিশ খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রোজোয়ানুল হক বলেন, চুরি করে পালানোর সময় স্থানীয়রা আটক করে দেহ তল্লাশি করার সময়, তার কাছে স্বর্ন পাওয়া গেলে তাকে মারপিট করে।সকালে পুলিশ অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তির কাছ থেকে একজোড়া দুল ও একটি চেইন পাওয়া যায়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।








