দেশে এক বছরে কৃষকের গোয়ালে গরু ও ছাগলের সংখ্যা বেশ বেড়েছে। গরুর সংখ্যা বেড়েছে প্রায় ৩৮ লাখ, আর ছাগল বেড়েছে প্রায় ৩২ লাখ। সেই সঙ্গে বেড়েছে হাঁস-মুরগির সংখ্যাও।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর জরিপ প্রকাশ করে। বিবিএস অডিটোরিয়ামে প্রকাশিত ‘কৃষি শুমারি ২০১৯’ এর রিপোর্টে এ সব তথ্য জানানো হয়েছে।
জানানো হয়, গত ২০১৮ সালের ১৪ এপ্রিল থেকে ২০১৯ সালের ১৩ এপ্রিল পর্যন্ত এসব জরিপ করা হয়। জমির মালিকানা, পরিচালিত জমির ব্যবহার, ফসল, কৃষিতে কর্মসংস্থান, কৃষি যন্ত্রপাতির সংখ্যা ও প্রাণিসম্পদের তথ্য জরিপে উঠে এসেছে।
শুমারিতে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ২০১৮ সালে সারা দেশের পল্লী ও শহর এলাকায় গরু ছিল দুই কোটি ৫৬ লাখ, যা ২০১৯ সালে বেড়ে দাঁড়ায় দুই কোটি ৯৪ লাখে। এক বছরে গরুর সংখ্যা বেড়েছে ৩৮ লাখ। আর ২০১৮ সালে এক কোটি ৬৩ লাখ ছাগল এক বছরে তা বেড়ে হয়েছে এক কোটি ৯৫ লাখে।
একইভাবে এক বছরে হাস মুরগির সংখ্যা বেড়েছে প্রায় ১০ কোটি। মহিষের সংখ্যাও বেড়েছে ৯৫ হাজারটি। বর্তমান দেশে মহিষের সংখ্যা ৬ লাখ ৩৬ হাজার ৯২৬টি।
অনুষ্ঠানে জরিপের প্রকল্প পরিচালক আলাউদ্দিন আল আজাদ বলেন, দেশে সাধারণ খানার সংখ্যা যে হারে বৃদ্ধি পেয়েছে কৃষি খানা সে হারে বাড়েনি। দেশে নিট আবাদি জমির পরিমাণ ১ কোটি ৮৬ লাখ ৮১ হাজার একর, যার মধ্যে নিট অস্থায়ী ফসলের জমির পরিমাণ ১ কোটি ৬৪ লাখ ২৩ হাজার একর এবং স্থায়ী ফসলের জমির পরিমাণ ১৯ লাখ ৭০ হাজার একর।
পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে শুমারি রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।







