রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে চুরি হয়ে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত আশিকুর রহমান পিথিল (২০), মোহাম্মদ আলী শেখ (২১), রবিন (২৫) ও আসাদুল ইসলাম আসিফ (২৪) নামে ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর বুধবার বিকালে রংপুর নগরীর নুরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রংপুর নগরীর ছোট নুরপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে আশিকুর রহমান পিথিল, বড় নুরপুর এলাকার আব্দুস সালাম শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ, দক্ষিণ গুপ্তপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে রবিন এবং নুরপুর এলাকার শামসুল আলমের ছেলে আসাদুল ইসলাম আসিফ। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজার রহমান বলেন, গত মঙ্গলবার বিকালে কোতয়ালী থানা এলাকার ঠিকাদারপাড়ার মঞ্জুরুল মাস্টারের বাড়ির সামন থেকে একটি ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। মোটরসাইকেল মালিক রুবেল ইসলাম থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের শনাক্ত করেন। মাহফুজার রহমান বলেন, বুধবার নগরীর নুরপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়।







