মজুরি বাড়ানোর দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকরা টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে। বেশ কয়েকটি কারখানার হাজার হাজার পোশাক শ্রমিক টায়ার ও কাঠের টুকরো জ্বালিয়ে দফায় দফায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের ধাওয়া দেয় এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এসময় পুলিশের লাঠিচার্জ ও ছোড়া কাঁদানে গ্যাসে ৭-৮ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে সাভারে আশুলিয়ার জামগড়া ৬ তলা এলাকার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে জড়ো হন ৫ শতাধিক শ্রমিক। পরে তারা সড়কের ওপর টায়ার ও কাঠের টুকরো জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। ওই এলাকায় উপস্থিত পুলিশ সদস্যরা বিক্ষুব্ধ শ্রমিদের হ্যান্ড মাইক দিয়ে সরে যেতে বলেন। শ্রমিকেরা নির্দেশ না মেনে অবস্থান অব্যাহত রাখেন। পরে পুলিশ শ্রমিকদের লক্ষ্য করে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। কয়েকটি স্থানে পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও শ্রমিকদের লাঠিপেটা করে।

সকাল ১০টা পর্যন্ত দফায় দফায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ইটপাটকেল ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাসের শেলের আঘাতে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিতে দেখা যায়।
এদিকে শ্রমিক আন্দোলনের কারণে বেলা ১২টার দিকে আশুলিয়ার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক, উত্তর বিভাগ) মো. আব্দুল্লাহিল কাফী বলেন, কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে সড়কে বিক্ষোভ করছেন, ভাঙচুর করছেন। এটি কাম্য নয়। তাদের দাবির বিষয়ে যাথাযথ কর্তৃপক্ষের সঙ্গে তারা আলাপ আলোচনা করতে পারেন। কিন্তু সড়কে নেমে আগুন জালিয়ে অস্থিশীল পরিবেশ তৈরি করছেন। একটি মহলের ইন্ধনে তারা উদ্দেশ্যমূলকভাবে এটা করছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।








