রংপুর বিভাগীয় প্রতিনিধি: অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার রংপুরে রাস্তায় তেমন কোন যানবাহন দেখা যায়নি। রাস্তা ছিল অনেকটাই ফাঁকা। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক পাহারার মধ্য দিয়ে পালিত হচ্ছে বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর অবরোধের প্রথম দিন। সড়ক মহাসড়কগুলোতে পরিবহন চললেও তা ছিল হাতেগোনা। যাত্রী সঙ্কটের কারণে বাস স্ট্যান্ডগুলো থেকে বাস ছাড়নি। মঙ্গলবার ভোর থেকেই নগরীর গ্র্যান্ড হোটেল মোড় বিএনপি অফিস, মডার্ন মোড়, মেডিক্যাল মোড়, মাহিগঞ্জসহ আঞ্চলিক ও মহাসড়কগুলোর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে বিজিবি ও র্যাব। সড়ক, মহাসড়কগুলোতে দূরপাল্লা, জেলা ও আন্ত: উপজেলায় যাত্রী ও পণ্যবাহী পরিবহন চলাচল করতে দেখা গেছে হাতেগোনা কয়েকটি। নগরীর কামারপাড়া কোচ স্ট্যান্ডে সকালে নাইট কোচ এলেও যাত্রীর অভাবে ডে-কোচ ছাড়ছে না পরিবহন সংশ্লিষ্টরা। রংপুর কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল থেকে যাত্রীর অভাবে বাস চলছে না। ভারী ও মাঝারি যানবাহন না চলার কারণে রিক্সা ও ব্যাটারি চালিত ইজিবাইক চলাচল বেড়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সিডিউল অনুযায়ী ট্রেন চলাচল করছে বলে জানিয়েছেন স্টেশন কর্তৃপক্ষ।








