টানা এক সপ্তাহ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও পরীক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থানের পর অবশেষে স্থগিত করা হলো ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা।
শুক্রবার (২৪ নভেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ নভেম্বর থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গত ৬ জুন ১২ হাজার ৭৮৯ জনকে প্রার্থীকে উত্তীর্ণ করে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১৯ মে ৮টি বিভাগের কেন্দ্রে অনুষ্ঠিত ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন।
গত বছরের ৩০ নভেম্বর সরকারি চাকরির ২ হাজার ৩০৯টি শূন্য পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডার পদে ৫২৪ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ২৩৯ জন, সরকারি সাধারণ কলেজের জন্য সাধারণ শিক্ষায় ৪৩৭ জন ও কারিগরি শিক্ষায় ১০৯ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবে।







