অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসনের দুই কর্মকর্তাকে সচিব করেছে সরকার।
বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে।একটি প্রজ্ঞাপনে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমীনকে পদোন্নতি দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর থেকে তার এ পদোন্নতি কার্যকর হবে।
আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রেহানা পারভীনকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। তার পদোন্নতিও ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে।
আর ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মো. ফয়জুল ইসলামকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীকে ৩১ ডিসেম্বর চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।






