কলাপাড়া: সাগর কন্যা খ্যাত কুয়াকাটায় ফরিদ মাঝি (৫০) নামের এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৯২ মণ ইলিশ। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে বঙ্গোপসাগর থেকে এসব মাছ মহিপুরের ঝুমুর এন্ড বাদ্রার্স নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে মাছগুলো নিলামে উঠানো হয়। নিলামের মাধ্যমে ২০ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
এর আগে মঙ্গলবার দুপুরে পায়রা বন্দরের শেষ বয়া থেকে ১০০ কিলোমিটার অদূরে মাছগুলো এক খ্যাওয়ে (একবার জাল ফেলে জাল তোলা) ধরা পড়ে। শীত মৌসুমে দীর্ঘদিন পরে এই জেলের জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় খুশি জেলেসহ ব্যবসায়ীরা।
জেলে ফরিদ মাঝি জানান, চট্রগ্রাম থেকে এক সপ্তাহ আগে ১৭ জন জেলে নিয়ে এফবি মা জননী নামের ট্রলার নিয়ে আমরা সাগরে যাই। প্রথম দিকে মাছ না পাওয়ায় অনেকটা হতাশ হয়ে যাই। পরে আরও গভীর সাগরে পায়রা বন্দর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে যাই।
সোমবার অমাদের জালে কিছু পরিমাণ ইলিশ ধরা পরে। মঙ্গলবার আরও একটু গভীরে গিয়ে জাল ফেলার পর এক খ্যাওয়ে অনেক বেশি মাছ ইলিশ ওঠে। ট্রলার বোঝাই হওয়ার পর আমরা তীরে ফিরে আসি।
এফবি মা জননী ট্রলারের মাঝি শহীদ কোম্পানী জানান, অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। আমাদের লোকসান গুনতে হচ্ছে। তার মধ্যে এই শীত মৌসুমে এত বেশি পরিমাণ মাছ ধরা পড়বে সেটা কল্পনাও করতে পারিনি। এই মাছ বিক্রি করে পিছনের লোকসান কাটিয়ে উঠতে পারবো।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর মাছ জেলেরা জাল ফেললে আরও বেশি মাছ ধরা পড়বে। এছাড়া ফেরুয়ারি এবং মার্চ মাসে জেলের জালে ঝাকে ঝাকে ইলিশ ধরা পড়তে পারে।







