প্রেস বিজ্ঞপ্তি
২০১০ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে ’৭১-এর গণহত্যাকারী মানবতার বিরুদ্ধে অপরাধী ও যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে বিভিন্ন কারণে যে জটিলতা ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসনের জন্য সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে স্মারকপত্র প্রদান করবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
আগামীকাল ২৪ জানুয়ারি (২০২৪) বেলা ১.৩০ মিনিটে সংগঠনের সভাপতি লেখক চলচ্চিত্রনির্মাতা শাহরিয়ার কবিরের নেতৃত্বে নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপিকা মাহফুজা খানম, সহসভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, মুক্তিযুদ্ধে শহীদ স্বাধীনতা সংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্তের পৌত্রী মানবাধিকার নেত্রী আরমা দত্ত, মুক্তিযুদ্ধে শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর পুত্র আসিফ মুনীর তন্ময় ও সাধারণ সম্পাদক সমাজকর্মী কাজী মুকুলের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদল মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে তাঁর সুপ্রিম কোর্টের কার্যালয়ে সাক্ষাৎ করে এ স্মারকপত্র প্রদান করবেন।
সাক্ষাতের পর নির্মূল কমিটির নেতৃবৃন্দ এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করবেন। এ সময়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।






