মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৩ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের আরো চারজন আহত হয়েছেন। গত শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার মনির খানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোঃ রঞ্জু খন্দকার ( ৩৫) ভূঞাপুর উপজেলার বাগবাড়ী গ্রামের রাজ্জাক খন্দকারের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের ‘বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের’ কর্মচারী ছিলেন। জানা যায়, উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার মনির খান তার ছেলে ফরিদ খানকে (২৩) বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দেওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার রাতে বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ছয়জন মনির খানের বাড়িতে যান। সেখানে ফরিদকে ঘর থেকে বের করার সময় তার চিৎকারে পাশের বাড়ির কয়েকজন এসে নিরাময় কেন্দ্রের লোকজনের ওপর হামলা চালায়। তাদের পিটুনিতে রঞ্জু খন্দকার গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের আরও চারজন আহত হন।
রোববার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জু খন্দকার মারা যান। বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মালিক খন্দকার মজিবর রহমান তপন বলেন, মাদকাসক্ত ফরিদকে নিরাময় কেন্দ্রে দেওয়ার জন্য তার বাবা মনির খান আমাদের কাছে আবেদন করেন। পরে তাকে আনতে গিয়ে আমাদের ছয়জনের ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এর মধ্যে রঞ্জু মারা গেছেন। এ ঘটনায় মামলা করা হবে। বাসাইল থানার ওসি জালাল উদ্দিন বলেন, সোমবার সকালে লাশ বাসাইল থানায় নেওয়া হয়। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Views: 329
Related