মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে এক ব্যবসায়ীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা। ওই ব্যবসায়ীর নাম নিয়াজ মোর্শেদ (৩২)। এসময় তাকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে তার সাথে থাকা প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সোমবার (১২ মে) রাত সাড়ে ১০ টায় দোকান বন্ধ করে বাড়ী ফেরার পথে উপজেলার মিঠানালা ইউনিয়নের কালা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ডোমখালী-বিষুমিয়াহাট সড়কের উপর হেলমেট পরিহিত অজ্ঞাত ৬ যুবক নিয়াজ মোর্শেদের উপর অতর্কিত হামলা করে। নিয়াজ মোর্শেদ কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর দারোগারহাট বাজারে হার্ডওয়্যার দোকান ভূঁইয়া ট্রেডার্সের সত্বাধিকারী এবং সে উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম আবু তাহের ভূঁইয়ার ছোট ছেলে।
সাবেক ইউপি চেয়ারম্যান এসএম আবু তাহের ভূঁইয়া বলেন, ‘সোমবার রাত সাড়ে ১০ টায় দোকান বন্ধ করে বাড়ী যাওয়ার সময় আমার ছেলে নিয়াজ মোর্শেদ ও কাঠমিস্ত্রী নাসির উদ্দিনের পথ গতিরোধ করে অতর্কিত হামলা করে দুইটি মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত অজ্ঞাত ৬ যুবক। এসময় তারা চাপাতি ও চুরি দিয়ে আমার ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করে। তার বাম হাত, কুনুইসহ একাধিক জায়গায় জখম হয়েছে। নিয়াজের সাথে থাকা দোকানের প্রায় ৫ লাখ টাকা তারা ছিনিয়ে নেয়। তাদের হাত থেকে বাঁচার জন্য সে পাশ^বর্তী একটি বাড়ীতে আশ্রয় নিলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলার সময় নাসির উদ্দিনও পাশের বাড়িতে আশ্রয় নিয়ে রক্ষা পায়।
তিনি আরো বলেন, ‘নিয়াজ রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। সে শুধু আমাদের পারিবারিক ব্যবসা দেখাশুনা করতো। পারিবারিক পূর্ব শত্রুতাবশত নাকি ছিনতাইয়ের উদ্দেশ্যে তার উপর হামলা হয়েছে সেটি বুঝতেছিনা। তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজু সিংহ বলেন, ‘সোমবার রাত সাড়ে ১১ টার দিকে নিয়াজ মোর্শেদ নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের কোপের আঘাত ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করা হয়েছে।’
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘হামলার বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’








