বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম কেরানীগঞ্জ কারাগারের তত্ত্বাবধানে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে’ (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন।
কেন্দ্রীয় কারাগারের কারা কর্মকর্তা বলছেন, আপিল মঞ্জুরের কাগজপত্র কারাগারে পৌঁছালেই হাসপাতাল থেকে তাকে মুক্তি দেওয়া হবে।
মঙ্গলবার (২৭ মে) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার এ কে এ এম মাসুম বলেন, জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম কেরানীগঞ্জ কারাগারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তার আপিল মঞ্জুরের কাগজপত্র কারাগারে পৌঁছানো মাত্রই হাসপাতাল থেকে তাকে মুক্তি দেওয়া হবে।
জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর থেকে এটিএম আজহারুল ইসলাম পিজি হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজহারের আপিল মঞ্জুর করে মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় রাষ্ট্র ও আসামি উভয়পক্ষের আইনজীবী, জামায়াতের শীর্ষ নেতা ও তাদের দলীয় আইনজীবীরা উপস্থিত ছিলেন। সকাল ৯ টা ৫০ মিনিটে প্রধানবিচারপতির নেতৃত্বে সাত বিচরপতি এজলাসে উঠেন। এরপর রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আইনি বিষয় তুলে ধরেন। এরপর রায় ঘোষণা শুরু হয় ৯টা ৫৫ মিনিটে।
আদালতে জামায়াত নেতা আজহারের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার নাজিব মোমেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।







