রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জাপানের টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টিইপিসিও) এক বিবৃতিতে জানিয়েছে, ফুকুশিমা দাইচি এবং ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের সেখান থেকে সরিয়ে উঁচু এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।
জাপানের সংকটে পড়া ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বুধবারের শুরুতে কর্মীদের সরিয়ে নেওয়া হয়, কারণ দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
বিদ্যুৎকেন্দ্রের অপারেটর জানিয়েছে, তাদের সব অর্থাৎ ৪ হাজার কর্মীকে সরিয়ে নেওয়া হয়েছে এবং কোনো “অসামান্যতা” ধরা পড়েনি।
এর আগে রাশিয়ার দূর-পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার ফলে প্রশান্ত মহাসাগরজুড়ে সতর্কতা জারি করা হয়।
ফুকুশিমা প্রদেশের অনেকের জন্যই এই সতর্কতা ২০১১ সালের বিশ্ব ইতিহাসের অন্যতম ভয়াবহ পারমাণবিক দুর্যোগের স্মৃতি ফিরিয়ে আনতে পারে।
২০১১ সালের মার্চ মাসে, জাপানে ৯.০ মাত্রার একটি বিধ্বংসী ভূমিকম্প এবং পরবর্তীতে সুনামি আঘাত হানে, যা ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটায়।
সেই সুনামির ফলে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্লাবিত হয়, জরুরি জেনারেটর অচল হয়ে পড়ে এবং সেগুলো অতিরিক্ত উত্তপ্ত হয়ে পারমাণবিক গলনের সৃষ্টি করে।
ফুকুশিমায় এখনো শত শত টন অতিমাত্রায় বিপজ্জনক পদার্থ রয়ে গেছে এবং এর সাথে সম্পর্কিত চ্যালেঞ্জ ও বিতর্কগুলো ১৪ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো বর্তমান।






