মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বিকল হওয়া ড্রাম ট্রাকের পেছনে লরির ধাক্কায় সহকারি নিহত হয়েছে। বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের সুফিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাব্বির হোসেন (২০)। সাব্বির চট্টগ্রাম নগরীর উত্তর হালিশহর এলাকায় মিয়াজের বাড়ির আলী আব্বাসের পুত্র।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘স্ক্র্যাপবাহী একটি ড্রাম ট্রাক ভোরে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে সুফিয়া রোড এলাকায় মহাসড়কের পাশে দাঁড়ালে পেছন থেকে দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে লরি চালকের সহকারি গাড়ির ভেতরে আটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্ক্র্যাপবোঝাই ড্রাম ট্রাক ও স্ক্র্যাপবোঝাই লরি দু’টোই বিএসআরএম’র মালিকানাধীন। মিরসরাই ফায়ার সার্ভিসের সহযোগিতায় আটকে থাকা সাব্বিরের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো থানা হেফাজতে রয়েছে।’
তিনি আরো বলেন, ‘সীতাকুণ্ড থেকে ক্রেন নিয়ে আটকে থাকা অজ্ঞাত লরি চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহত সাব্বির হোসেনের পিতা আলী আব্বাস বাদী হয়ে অজ্ঞাত লরি চালক ও ড্রাম ট্রাক চালকের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।








