দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পশ্চিম ভোগডোমা এলাকায় হত্যার মামলার আসামীর নেতৃত্বে কৃষকের চাষাবাদকৃত সরকারী খাস জমি দখল ও চাঁদাবাজীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন বীরগঞ্জ উপজেলার পশ্চিম ভোগডোমা গ্রামের মোঃ নুর নবী হোসেন। এসময় তার ২ ভাই মোঃ মাসুদুর রহমান মাসুদ, মোঃ মামুনুর রশিদ মামুন, নানা মোঃ আজমত আলী ও চাচি রহিমা বেগম উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২৭ আগষ্ট সকালে বীরগঞ্জ উপজেলার সামনে এলাকার চিহ্নিত খুনি, সন্ত্রাসী ও চাঁদাবাজ জহির উদ্দীনের ছেলে আব্দুল জব্বারের নেতৃত্বে একটি মানববন্ধন কর্মসূচী পালিত হয়। যা সম্পূর্ণ বানোয়াট পরিকল্পিত একটি চক্রের সন্ত্রাসী কর্মকান্ড। চাঁদাবাজিকে ভিন্ন খাতে প্রবাহ করার একটি ব্যর্থ অপচেষ্টা মাত্র। মূলত মূল ঘটনাকে আড়াল করার জন্য তাদের মানববন্ধন নাটকের মঞ্চায়ন। আব্দুল জব্বারের বিরুদ্ধে ২০১৭ সালের একটি হত্যা মামলা চলমান রয়েছে।
প্রকৃত ঘটনা হচ্ছে- আমরা তিন ভাই পশ্চিম ভোগডোমায় সরকারের কাছ থেকে বরাদ্দকৃত জমিতে আমরা বসবাস করে আসছি। কিছু খাস জমি বিগত ৩০ থেকে ৪০ বছর যাবত অর্থাৎ আমর দাদা ও বাবার জীবদ্দশায় যেই জমি চাষাবাদ করে আসছেন। আমরাও উক্ত জমির চাষাবাদ করে আসছি। যা সরকারি খাস এবং জমি এবং পাশে ঢেপা নদীর চর। মোট জমি আনুমানিক ২.৫ একর। যার মধ্যে অনাবাদি জমির পরিমাণ আনুমানিক ৬০ শতক। যেটা মূলত আমার মরহুম দাদা ও বাবার সময় থেকে অনাবাদি আছে। ওই অনাবাদি জমিতে আমরা এবং জমির নিকটবর্তী বসবাসরত আদিবাসী লোকজন গবাদি পশু পালন করে আসছি। সম্প্রতি উক্ত অনাবাদি জমিটি খুনি, সন্ত্রাসী ও চাঁদাবাজ আব্দুল জব্বার একটি অনিবন্ধনকৃত ক্লাবের নামে দখল করার চেষ্টা করে আসছে। এক পর্যায়ে আমার সাথে সে উক্ত জমির ব্যাপারে কথা বলে। উক্ত খুনি, সন্ত্রাসী ও চাঁদাবাজ আব্দুল জব্বার বলে যে, উক্ত জমি আমাদের ক্লাবের জায়গা। একপর্যায়ে সে দাবি জানায় বলে, যদি আমাকে ৭ লক্ষ দেন, তবে আমি বিষয়টি নিয়ে আর কোন প্রকার বারাবারি করবো না। পরক্ষণে আমি বিষয়টি আমার অন্য ভাই গণের সাথে আলোচনা করি। আমরা সবাই সিদ্ধান্ত নেই যে, বিষয়টি থানায় অভিযোগ দেওয়া একান্ত প্রয়োজন। তাই আমি নিজে বীরগঞ্জ থানার একটি অভিযোগ দেই। অভিযোগের তারিখ- ২২/০৭/২০২৫ইং। বীরগঞ্জ থানায় চাঁদাবাজি অভিযোগ দিলে থানা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা অবস্থায় উক্ত খুনি, সন্ত্রাসী ও চাঁদাবাজ আব্দুর জব্বার আমাকে সহ আমার অন্য ভাইদেরকে প্রাণনাশের হুমকি দিতে থাকে। আমাদের প্রাণনাশের হুমকি দেওয়াকে কেন্দ্র করে বীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করি। যার নং-৬১৭, তারিখ- ১৩/০৮/২০২৫ইং। গত ২৭ আগষ্ট তারিখে উক্ত খুনি, সন্ত্রাসী ও চাঁদাবাজ আব্দুর জব্বার গং কিছু আদিবাসী মহিলা ও কিছু ভাড়াটিয়া সন্ত্রাসদের নিয়ে একটি মানববন্ধন করে। আমাদের ৩০-৪০ বছরের চাষাবাদের জমি থেকে উচ্ছেদ করার জন্য নানাবিদ অভিযোগ করে। তাদের অভিযোগের ভিত্তিতে কোন প্রকার তদন্ত না করে জেলা প্রশাসক মহোদয়ের আদেশক্রমে একটি বিজ্ঞপ্তি বোর্ড লাগানো হয়। সেখানে উল্লেখ করা হয় দুই পক্ষের কোন পক্ষ উক্ত জমিতে যাইতে পারবেনা। উক্ত বিজ্ঞপ্তির কারণে আমাদের একমাত্র চাষাবাদের আবাদি জমি চাষাবাদ করা থেকে বঞ্চিত হয়েছি।
আমরা প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। উক্ত জমির জমার ব্যাপারে সরেজমিনের তদন্ত সাপেক্ষে জমির প্রকৃত ভোগ দখল কারীকে জমি চাষাবাদের অনুমতি প্রদানে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।







