মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
ঘড়ির কাটায় রাত তিনটা। পোল্ট্রি খামারের দরজায় কড়া নাড়ার শব্দ। দরজার ওপাশ থেকে একজন বলেন-‘আমরা পুলিশের লোক, থানা থেকে এসেছি। দরজা খোলেন।’ ঘুম চোখে দরজা খুলতেই খামারির কপালে পিস্তল ঠেকিয়ে খামারে থাকা একটি মোটরসাইকেল, দুইটি মোবাইলফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের উকিলটোলা গ্রামের একটি পোল্ট্রি খামাওে গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে। খামার মালিক ওই এলাকার আরাফাতের জামান রাজু ও ফয়সাল খান নামের দুই তরুণ। ডাকাতির সময় দুই তরুণ খামারে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬ মাস আগে দুই বন্ধু আরাফাতের জামান ও ফয়সাল খান নিজেদের বাড়ির পাশে খামার ভাড়া নিয়ে প্রায় তিন হাজার ব্রয়লার মুরগি পালন শুরু করেন। রাতে তাঁরা খামারটিতে অবস্থান করে পরিচর্যার কাজ করতেন। গতকাল রাতে আরাফাতের জামান শুয়ে পড়লেও ফয়সাল খান মুরগিকে খাবার দিচ্ছিলেন। তখন তিনি দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পান। পুলিশ পরিচয় দেওয়ার পর দরজা খুলতেই এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতিতে প্রায় সাত থেকে আটজন অংশ নেন। ডাকাতি শেষে ডাকাতদলের সদস্যরা ফয়সাল ও আরাফাতের জামানকে খামারের খুঁঁটির সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যান। এরপর ওই দুই জনের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন।
ভুক্তভোগী খামারি ফয়সাল খান বলেন, ‘নিজ গ্রামে খামারের ভেতর এভাবে ডাকাতের কবলে পড়বো তা কখনো ভাবিনি। দিবাগত রাত তিনটার দিকে পাঁচ ডাকাত সদস্য ঘরে ঢোকেন, বাইরে আরও বেশ কয়েকজন পাহারায় ছিলেন। তাঁরা আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করেছেন। এ ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ করবো।’
ভুক্তভোগী আরেক খামারি আরাফাতের জামান রাজু বলেন, ‘রাত ৩টার দিকে আমাদের ফয়সাল খান পোল্ট্রি খামারে ডাকাতরা নিজেদের মিরসরাই থানা পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বাধ্য করেন। পরে তারা বন্দুক ও দেশীয় অস্ত্র দেখিয়ে আমাকে এবং আমার বন্ধু ফয়সাল খানকে জিম্মি করে রাখেন। এসময় ডাকাতরা আমাদের মোবাইল, মোটরসাইকেল, নগদ টাকা, ওয়াইফাই রাউটার, মোবাইল চার্জার, ইয়ারপট, হেডফোন, এটিএম কার্ডসহ আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়। এছাড়া তারা আমাদের মোবাইলের পিন, পাসওয়ার্ড, এটিএম কার্ড, বিকাশ, নগদ ও রকেট ব্যাংক অ্যাপের পাসওয়ার্ড লিখে নিয়ে গেছেন।’
এবিষয়ে মিরসরাই থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, ‘পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম!
১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! নাটোর প্রতিনিধি: ব্যবসার কাজে ঢাকায় কাওরান বাজার যাওয়ার পর ১৪ দিনেও খোঁজ...








