মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে নূর আব্দুল্লাহ নামে ৩ বছরের শিশু হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক। এরআগে বুধবার রাতে নিহত নূর আবদুল্লাহ’র দাদী জোসনারা বেগম বাদী হয়ে দ্বীন ইসলামকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতাররা হলো জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মৃত মফিজুর রহমানের স্ত্রী বিবি রহিমা (৫৫), ছেলে মো. মাহফুজ (৩৩), আলী হোসেনের ছেলে আমজাদ হোসেন প্রকাশ বাদশা মিয়া (২৮)।
পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের মোস্তফা ভূঁইয়া বাড়িতে বুধবার দুপুরে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রধান আসামী দ্বীন ইসলামসহ অন্যান্য আসামীরা জোসনারা বেগম ও তার পরিবারের সদস্যদের মারধর করে। এসময় নূর আব্দুল্যাহ তার দাদীর নিকট আসার সময় আসামীরা তাকে মাথায় আঘাত করে। মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জোসনারা বেগম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিন বছরের শিশু নূর আবদুল্যাহ হত্যার ঘটনার দ্বীন ইসলামকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত শিশুর দাদী জোসনারা বেগম। ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিদের আদালতের প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, স্থানীয় দ্বীন ইসলামের সাথে দীর্ঘদিন ধরে নিহত শিশু নূর আবদুল্যাহর পরিবারের সঙ্গে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত বুধবার দুপুরে জায়গা নিয়ে প্রতিপক্ষের লোকজনের সাথে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে প্রতিপক্ষ দ্বীন ইসলাম শিশু আবদুল্যাহকে মাথায় আঘাত করে হত্যা করে। ঘটনার পরপরই পালিয়ে যান দ্বীন ইসলাম।








