মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে চলন্ত কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর ৬ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মসকিউটো কিলার (মশা মারার ব্যাট) বহন করা কাভার্ডভ্যান চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় পৌঁছলে হঠাৎ গাড়ির কেবিনের নিচ থেকে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে গাড়ির চালক ও সহকারী লাফ দিয়ে গাড়ি থেকে সরে পড়েন। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাড়ির গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, কাভার্ডভ্যানে মসকিউটো কিলার ছিল। বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।







