নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যশোর শহরে প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। এই আনন্দ ভাগ করে নিতে এবং বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আজ যশোর কালেক্টরেট মার্কেটে ঈদ বাজার পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে তিনি কালেক্টরেট মার্কেটের বিভিন্ন দোকান ও বিপণিবিতান ঘুরে দেখেন। এ সময় তিনি ব্যবসায়ী ও কেনাকাটা করতে আসা সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং ঈদের আগাম শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ব্যবসায়ীদের কাছ থেকে বাজারের বেচাকেনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সাথে সাধারণ ক্রেতাদের সাথে কথা বলে পণ্যের দাম ও মান নিয়ে তাদের মতামত শোনেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, যশোরের মানুষ যেন উৎসবমুখর পরিবেশে এবং নিরাপদে ঈদের কেনাকাটা করতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ব্যবসায়ীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয় এবং ক্রেতারা যেন ন্যায্যমূল্যে পণ্য পায়, সেদিকে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে।
প্রতিমন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনে সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তার সাথে ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোস্তফা আমির ফয়সালসহ অন্যান্যরা।







