রংপুর ব্যুরো: রংপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী রিলাই বাণিজ্য মেলার সমাপ্ত হয়েছে। গত ৪ এপ্রিল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এসডিএফ রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনি ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর মেট্টোপলিটন উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন এসডিএফ’র ব্যবস্থাপক (জীবিকায়ন) মো.সাইদুর রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) বাস্তবায়িত রেজিলিয়েন্স,এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (আরইএলআই) সহায়তায় পরিচালিত রংপুর আঞ্চলিক অফিস আয়োজিত তিন দিনব্যাপি রিলাই বাণিজ্য মেলা গত ২ এপ্রিল রংপুর টাউন হল চত্ত্বরে শুরু করা হয়। মেলায় আরইএলআই প্রকল্পের রংপুর অঞ্চলের দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ৬২৫টি গ্রাম সমিতির ৯২টি উৎপাদনকারী দলের মধ্য থেকে ৩৪টি উৎপাদনকারী দলের সদস্যরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। মেলায় মোট ৪০টি স্টল অংশগ্রহণ করেছিল । মেলার কন্টোল রুম থেকে জানা যায়, এসডিএফ রংপুর অঞ্চলের ৫টি জেলার ১,০৩,৮৫০ জন সদস্যকে আর্থিক ও কারিগরি সহায়তা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্র বিমোচনে সহায়তা প্রদান করেছে। তাদের মধ্যে ২৪,৫২১ জন সহায়সম্বলহীনের প্রত্যেককে ৯ হাজার টাকা করে এককালিন অনুদান প্রদান করেছে। এছাড়াও ৮১,০৮৬ জন নারী সদস্যকে বিভিন্ন আইজিএ প্রশিক্ষণ প্রদান, দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের ৪৩৭৬ জন বেকার যুবকে বিষয় ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করেছে। এসব যুবদের মধ্যে ৩৮৪১ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। গ্রুপের অগ্রগামি সদস্যদের নিয়ে ৯২টি উৎপাদনকারী দল গঠন করা হয়েছে। উৎপাদনকারী দলের ২ হাজার ৩০০ জন সদস্য তাদের উৎপাদিত পণ্য গুণগত মান, আধুনিক পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধি, বাজার বিপণন করে সফলতা অর্জন করেছে। মেলার মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তাগণ তাদের পণ্য প্রদর্শন ও বিভিন্ন বায়ারদের সাথে লিংকেজ স্থাপন করে ব্যবসার সম্প্রসারণের সুযোগ পেয়েছে। মেলায় সর্বসাধারণের পদচারনায় মেলা চত্বর মুখরিত হয়েছিল। মেলা ব্যবস্থাপনা কমিটি সুত্রে জানা যায় মেলায় প্রদর্শিত পণ্য সমূহ দর্শনাত্তিদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়াছে। ফলে প্রতিটি স্টলে উল্লেখ্যযোগ্য হারে কেনাবেচা হয়েছে ও বায়ারদের নিকট থেকে পণ্যের অর্ডার পেয়েছে।








