মোহাম্মদ সোহেল◾
২০২৬ সালের হজযাত্রীদের জন্য টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় মেহমান ট্রাভেলস এন্ড ট্যুরসের আয়োজনে ভূঞাপুর পৌর এলাকার বাহাদীপুর ফরমান আলী জয়তুন নেছা বালক-বালিকা মাদ্রাসার হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাহাদীপুর জামে মসজিদের ইমাম আলহাজ হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মক্কীনগর মাদ্রাসার শাইখুল হাদিস ও মুহতামিম আলহাজ হাফেজ মাওলানা আহমাদুল্লাহ (হাফিজাহুল্লাহ)। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম চকদার, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল কবির রঞ্জু মন্ডল এবং মেহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ডিরেক্টর আলহাজ হযরত মাওলানা আব্দুল কাদের। প্রশিক্ষণে প্রধান আলোচক আব্দুল্লাহ আল মামুন টুকু হজযাত্রীদের উদ্দেশে বলেন, “হজ ইসলামের গুরুত্বপূর্ণ রুকন। সঠিক নিয়ম-কানুন ও আন্তরিকতা ছাড়া হজের প্রকৃত ফজিলত লাভ করা সম্ভব নয়।” তিনি হজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মাসায়েল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং যাত্রীদের সব ধরনের সতর্কতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। হজযাত্রীদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি আরও বলেন, “হজযাত্রীদের নিরাপত্তা ও আরাম-আয়েশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সঠিক প্রশিক্ষণ ও সচেতনতার মাধ্যমেই আপনারা নির্বিঘ্নে হজ পালন করতে পারবেন।” প্রশিক্ষণ শেষে হজযাত্রীদের নিয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। উল্লেখ্য, আগামী ২০২৬ সালের হজে অংশগ্রহণকারী যাত্রীদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আয়োজক ও ধর্মীয় ব্যক্তিরা।







