কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা। কোথাও হাঁটু ও কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে সড়ক ও নিম্নাঞ্চল। এতে ভোগান্তিতে পড়েন বাইরে বের হওয়া মানুষ।
এছাড়া এসএসসি পরীক্ষার্থী ও সঙ্গে থাকা অভিভাবকদেরও ভোগান্তির শেষ ছিল না। পরীক্ষার কেন্দ্রে পানি থাকার কারণে বেঞ্চে পা তুলে বসে পরীক্ষা দিতে হয়েছে এসএসসি পরীক্ষার্থীদের। হল পর্যবেক্ষকের দায়িত্বে থাকা শিক্ষকদের চেয়ারে পা তুলে বসতে হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ১২টা পরে কুমিল্লা ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ দৃশ্য দেখা গেছে।
টানা বৃষ্টিতে নগরীর আদালত সড়ক, লাকসাম সড়ক সালাউদ্দিন মোড়, মনোহরপুর, মহিলা কলেজ রোড, রেইসকোর্স এলাকা, ঈদগাহ সড়ক, অশোকতলা, মগবাড়ি চৌমুনী, কালিয়াজুড়িসহ নগরীর প্রায় সব গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কগুলো পানিতে তলিয়ে আছে।
পরীক্ষার্থীরা বলেন, পরীক্ষাকেন্দ্রের কক্ষে পানি জমে যাওয়ায় পরীক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন। পানি এড়িয়ে উত্তরপত্র লেখার জন্য অনেকেই বেঞ্চের ওপর পা তুলে বসে পরীক্ষা দিতে বাধ্য হন।
পরীক্ষাকেন্দ্র থেকে শুরু করে রাস্তাঘাট, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, বাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় পানিবন্দী হয়ে পড়ে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। টানা বর্ষণে ফসলেরও ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ।






