ক্যাম্পাস প্রতিবেদক
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে আইপিই সোসাইটি অব নিটারের উদ্যোগে বুধবার (২৯ এপ্রিল ২০২৬) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ‘বিয়ন্ড দ্য মেশিন কেস কম্পিটিশন ২০২৬’-এর চূড়ান্ত পর্ব।
শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা এবং শিল্পখাতের বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তোলার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়। প্রাথমিক ও বাছাই পর্ব অতিক্রম করে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয় পাঁচটি দল— টিম অরোহী, টিম প্ল্যান বি, টিম বেপসায়ী, টিম এনওয়াইএক্স ট্রায়াম এবং টিম অ্যাক্টিভ খেজুরটেক। তবে বিশেষ কারণে একটি দল অংশ নিতে না পারায় চারটি দল তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো বিচারকদের সামনে তাদের উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তিনির্ভর সমাধান তুলে ধরে। টিম প্ল্যান বি তাদের প্রজেক্টে ‘লিন ম্যানুফ্যাকচারিং’-এর গুরুত্ব তুলে ধরে, যার মাধ্যমে অপচয় কমিয়ে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। টিম অরোহী ‘ওয়েস্ট রিডাকশন’-এর মাধ্যমে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করার কৌশল উপস্থাপন করে। টিম বেপসায়ী ‘টোটাল কস্ট অপ্টিমাইজেশন’ এবং জনশক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে কারখানার দক্ষতা বৃদ্ধির দিকনির্দেশনা দেয়। অন্যদিকে, টিম এনওয়াইএক্স ট্রায়াম তাদের প্রেজেন্টেশনে ‘ব্যালান্সড লাইন ক্যাপাসিটি (বিএলসি)’ এবং ভবিষ্যতে ‘সেলুলার প্রোডাকশন ইউনিট’-এর প্রয়োগের সম্ভাবনা তুলে ধরে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আইপিই বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক রায়হান আহমেদ জয়, সহকারী অধ্যাপক মোঃ ফাতেহ আলী খান পান্নি, প্রভাষক মোঃ আল আমিন এবং প্রভাষক মারজান হাসান নাঈম। প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলী ও অ্যালামনাই সদস্যরা অংশগ্রহণকারীদের উপস্থাপনা নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন এবং তাদের বাস্তবমুখী ও সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে টিম প্ল্যান বি। প্রথম রানারআপ হয় টিম বেপসায়ী এবং দ্বিতীয় রানারআপ হয় টিম অরোহী।
এছাড়াও কনটেন্ট রাইটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মোঃ শাহিদুজ্জামান, প্রথম রানারআপ রাফি বিশ্বাস এবং দ্বিতীয় রানারআপ মোঃ আতিক শাহরিয়ার।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা তাদের অনুভূতি প্রকাশ করে জানান, এই অর্জনে তারা ভীষণ আনন্দিত এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী।








