জিয়ারত জুয়েল : দীর্ঘ ১১ বছর পর আবারও প্রাণ ফিরে পেল টাঙ্গাইলের ঐতিহ্যবাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে টাঙ্গাইল সদর উপজেলা দল ৩-০ গোলের ব্যবধানে বাসাইল উপজেলা দলকে পরাজিত করে শুভ সূচনা করে।
শনিবার (১১ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘদিন দেশের ক্রীড়াঙ্গন স্থবির ছিল। একসময় টাঙ্গাইল স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ থাকত, মানুষ টিকিট কেটে খেলা দেখতে আসত। বর্তমান সরকার খেলাধুলার সেই প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে কাজ করছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারাদেশে খেলাধুলার প্রসারে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং জেলা প্রশাসক গোল্ডকাপ তারই একটি অংশ।
তিনি আরও বলেন, খেলাধুলা সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে। মাঠে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সবাই আনন্দের সঙ্গে খেলা উপভোগ করতে পারে, সে বিষয়ে তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান। পাশাপাশি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে কঠোর অবস্থানের কথাও তুলে ধরে বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে কোনো ধরনের আপস করা হবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আদিবুল ইসলাম, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন।
এবারের টুর্নামেন্টে জেলার ১২টি উপজেলা অংশ নিচ্ছে। প্রতিটি দলে অতিথি খেলোয়াড় হিসেবে পাঁচজন বিদেশি ফুটবলার খেলার সুযোগ রাখা হয়েছে। উদ্বোধনী দিনের পাশাপাশি জেলার বিভিন্ন ভেন্যুতে আরও পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
আগামী ১৩ জুলাই দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ থেকে ১৯ জুলাই সুপার সিক্স পর্ব, ২৮ ও ২৯ জুলাই সেমিফাইনাল এবং আগামী ১ আগস্ট টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১৯৮০ সালে তৎকালীন জেলা প্রশাসক রেজাউল ইসলামের উদ্যোগে টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর অংশগ্রহণে একসময় টুর্নামেন্টটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। সর্বশেষ ২০১৫ সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ বিরতি শেষে এবার আবারও মাঠে ফিরেছে ঐতিহ্যবাহী এই আসর।








