নিজস্ব প্রতিবেদক, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের বাখরপুর (মহিষ ডাঙ্গা) এলাকায় জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত অসহায় নারী মরিয়ম বিবি (বেওয়ার) পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদান করেন। জানা যায়, নয়াপাড়া মোড় থেকে প্রায় এক কিলোমিটার সড়কে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়। এতে স্থানীয়দের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। একই সঙ্গে সড়কের জমে থাকা পানি অসহায় নারী মরিয়ম বিবি ( বেওয়ার ) বাড়িতে ঢুকে বাড়ির এক পাশ ধসে পড়ে এবং বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ জানান, সংবাদটি প্রকাশের পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। মানবিক সহায়তা হিসেবে মরিয়ম বেওয়াকে দুই বান্ডিল ঢেউটিন নগদ অর্থ প্রদান করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তাৎক্ষণিক সহায়তা প্রশংসনীয় হলেও স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কের দ্রুত সংস্কার জরুরি। তাদের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ভোগের পুনরাবৃত্তি না ঘটে।








