মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সিংমাতাইন চাকমা (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে বসানো চেকপোস্টে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক সিংমাতাইন চাকমা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা এলাকার পাইংপওং চাকমার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানা পুলিশের একটি দল মহাসড়কের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে চেকপোস্ট বসিয়ে ঢাকামুখী যানবাহনে তল্লাশি চালায়। এ সময় টেকনাফ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে সন্দেহভাজন হিসেবে সিংমাতাইন চাকমাকে শনাক্ত করা হয়। পুলিশ বাসে উঠলে তিনি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটক করে দেহ তল্লাশি চালালে তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবাগুলো ঢাকায় বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








