রংপুর ব্যুরো: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছে। আজ ২৫ অক্টোবর রবিবার ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোরে গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি টের পান। এসময় চিৎকার করলে পাশের মসজিদের মাইকে চোর, চোর বলে ঘোষণা দেওয়া হয়। মাইকের ঘোষণা দেওয়ার পর ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন তাদেরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে ওই দুই ব্যক্তি ব্যাটারিচালিত ইজিবাইক ফেলে পালানোর চেষ্টা করেন। এলাকাবাসী তাদের পিছু নিয়ে একপর্যায়ে সোহেল মিয়ার বাড়ি থেকে আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলায় ধানক্ষেত থেকে তাদের আটক করা হয়। সেখানে স্থানীয় লোকজন তাদের পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সবুর বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, ব্যাটারিচালিত ইজিবাইক চুরির পর উত্তেজিত জনতার গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








