বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে পুকুরে গোসল করতে নেমে ৪র্থ-শ্রেণীর ছাত্রী সুমি (১০) তার মামাতো বোন মিম (৮) কে ডুবে যাওয়া থেকে বাঁচাতে পারলেও প্রাণ হারালো নিজে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউপির বড় কাবলা গ্রামে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে।
জানা যায়, ঘটনার সময় সুমি তার মামাত বোন ও প্রতিবেশি ৩/৪ জন শিশুর সাথে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে। গোসল করার সময় সুমির মামাতো বোন ৮ বৎসরের শিশু মিম হঠাৎ করে পানিতে তলিয়ে যেতে থাকে। সুমি দেখতে পেয়ে মামাতো বোনকে কোন রকমে পানি থেকে উঠাতে পারলে ও নিজে পানিতে তলিয়ে যায়। গ্রামের লোকজন জানতে পেরে তাৎক্ষনিক ভাবে পুকুরে নেমে সুমিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে। মৃত সুমি জেলার মহাদেবপুর উপজেলার শালবাড়ি গ্রামের মৃত সুলতান হোসেনের মেয়ে। তার বাবার মৃত্যুর পর বড় কাবলা গ্রামে নানীর কাছে থেকে পড়াশুনা করত। মা আলেয়া বেগম কয়েক বৎসর থেকে সৌদি প্রবাসী বলে জানা গেছে।
খবর পেয়ে মহাদেবপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার এ,টি,এম মাইনুল ইসলাম, বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, ওসি (তদন্ত) রাইয়ান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এস আই মেহেদি হাসান জানান এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।








